অর্থনীতি

স্বর্ণের বাজারে বইছে স্বস্তির হাওয়া!

বায়ান্ন প্রতিবেদন

স্বর্ণের বাজারে যেন স্বস্তির হাওয়া বইছে। টানা দ্বিতীয় দফায় দেশের বাজারে কমল মূল্যবান এই ধাতুর দাম। এবার এক ভরি স্বর্ণে কমেছে ৪ হাজার ৭২৩ টাকা। ফলে নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে এখন গুনতে হবে ২ লাখ ৩৫ হাজার ৯০৪ টাকা।

সোমবার (৩১ আগস্ট) সকালে স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন মূল্যতালিকা প্রকাশ করা হয়।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমেছে। সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই মূল্য সমন্বয় করা হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন দর কার্যকর হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯০৪ টাকা। একইভাবে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকায়।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের নতুন দাম ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাটের অর্থ অন্তর্ভুক্ত রয়েছে। তাই গহনা কেনার সময় গ্রাহকের কাছ থেকে নির্ধারিত দামের বাইরে অতিরিক্ত ভ্যাট নেওয়ার সুযোগ নেই। তবে গহনার নকশা ও ডিজাইনের ধরন অনুযায়ী আলাদাভাবে মজুরি যোগ হবে।

অন্যদিকে ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে স্বর্ণ ও রুপার গহনা বিনিময় কিংবা কেনাবেচার ক্ষেত্রে বাজুসের পূর্বের নিয়মই বহাল থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন মূল্য কার্যকর থাকবে।

এর মাত্র দুই দিন আগেই, শনিবার ২৯ আগস্ট দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। ওই দফায় প্রতি ভরিতে ৭ হাজার ১১৫ টাকা কমানো হয়। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা।

সেদিন ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৮৯১ টাকা। ১৮ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৯৭ হাজার ৩৩৩ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৬১ হাজার ১৭৩ টাকা।

অর্থাৎ মাত্র দুই দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল। সর্বশেষ এই দফায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৭২৩ টাকা কমিয়ে ২ লাখ ৩৫ হাজার ৯০৪ টাকা নির্ধারণ করেছে বাজুস।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #স্বর্ণ #স্বস্তির হাওয়া