স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, এ বছরেই দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি ও জেলা হাসপাতালে ১০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপন করা হবে।
সোমবার (৩১ আগস্ট) সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয় নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে কিডনি রোগীর সংখ্যা বেড়ে গেছে। ডায়ালাইসিস সেবা প্রত্যাশীরা ঢাকায় গিয়ে ভোগান্তির শিকার হন। এ কারণে প্রধানমন্ত্রী সারা দেশে ডায়ালাইসিস সেবা চালু করতে সব মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেলা হাসপাতালগুলোতে এ ব্যবস্থা চালুর নির্দেশ দেন।
তিনি বলেন, এই সেবা চালু হলে রোগীদের ঢাকায় গিয়ে ভোগান্তিতে পড়তে হবে না। প্রতিদিন ১২০ জন রোগী বাড়ি থেকে এসেই ডায়ালাইসিস সেবা নিতে পারবেন, এতে করে বাড়তি টাকাও খরচ হবে না।
সাখাওয়াত হোসেন বলেন, প্রত্যেক ইউনিয়নে একটি করে স্বাস্থ্যকল্যাণ কেন্দ্র স্থাপন করা হবে। সারা দেশে ৪২ হাজার ৩৯০ জন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। তারা বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা দেবেন। এতে স্তন ক্যানসারের মতো রোগ শনাক্ত করা সহজ হবে এবং মাতৃমৃত্যুর হারও কমবে।
আই/এ