গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের কাছাকাছি অবস্থানরত লঘুচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (০২ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শনিবার ও রোববার (৫ ও ৬ সেপ্টেম্বর) এই দুই দিনও চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং দেশের বাকি ছয় বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম ও সিলেটে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ সময়েও তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে অথবা সামান্য বাড়তে পারে।
আর/আই