জাতীয়

বিচারবহির্ভূত হত্যা ও হয়রানি বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ

বায়ান্ন প্রতিবেদন

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইজিপি মো. আলী হোসেন ফকির ছবি: সংগৃহীত

বিচারবহির্ভূত হত্যা, জনগণকে হয়রানি এবং মিথ্যা মামলা দায়ের বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠায় জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ সময় এসব নির্দেশনা দেন রাষ্ট্রপতি।

সাক্ষাতে অপতথ্য, মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোসহ সাইবার অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের বিস্তার রোধ এবং নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে আরও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি।

এসব বিষয়ে জনগণকে নিয়মিতভাবে অবহিত করার পাশাপাশি ব্যাপক প্রচারণা চালানোর প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন রাষ্ট্রপতি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকার মানুষের মৌলিক মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে কাজ করে যাচ্ছে। এ ধারাবাহিকতায় বিচারবহির্ভূত হত্যা, জনগণকে হয়রানি ও মিথ্যা মামলা বন্ধে পুলিশের কার্যকর পদক্ষেপ অব্যাহত রাখতে হবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশ বাহিনীকে সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান রাষ্ট্রপতি।

সৌজন্য সাক্ষাতের সময় আইজিপি মো. আলী হোসেন ফকির পুলিশ বাহিনীর মনোবল দৃঢ় রাখা, আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনের জন্য নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতাও কামনা করেন তিনি।

পুলিশের আইজিপির বক্তব্য শোনার পর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুলিশ বাহিনীকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #জনগণকে হয়রানি #বিচারবহির্ভূত হত্যা #মিথ্যা মামলা #রাষ্ট্রপতি