বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ১৯৯০ সালের গণতান্ত্রিক আন্দোলনের চেতনা পরবর্তী সময়ে জুলাইয়ের গণ-অভ্যুত্থানকেও প্রভাবিত করেছে এবং স্বৈরশাসনের অবসান ঘটিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা পরবর্তী সংগ্রামগুলোতেও কাজ করেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বাংলাদেশের ইতিহাস কোনো একটি দল বা ব্যক্তির ইতিহাস নয়। মহান মুক্তিযুদ্ধ, ৭ নভেম্বর, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং জুলাইয়ের গণ-অভ্যুত্থান, সবই বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। একটি অধ্যায়কে বাদ দিয়ে দেশের পূর্ণাঙ্গ ইতিহাস রচনা সম্ভব নয়।
তিনি বলেন, ১৯৭১ সালের ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাদ দিয়ে ইতিহাস রচনার চেষ্টা করা হয়েছে। অথচ তাঁর স্বাধীনতার ঘোষণা মানুষকে মুক্তিযুদ্ধে অংশ নিতে উদ্বুদ্ধ করেছিল। ইতিহাস থেকে তাঁকে মুছে ফেলার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। কারণ, ইতিহাসের সত্য কখনো মুছে ফেলা যায় না।
তিনি আরও বলেন, নব্বইয়ের গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে তার ব্যক্তিগত জীবন ও স্মৃতি গভীরভাবে জড়িয়ে রয়েছে। এই আন্দোলনে তিনি গুলিবিদ্ধ হয়েছে। এরশাদের পতনের মধ্য দিয়ে অর্জিত গণতান্ত্রিক বিজয় তাকে পরবর্তী দীর্ঘ আন্দোলন-সংগ্রামেও অনুপ্রাণিত করেছে এবং সেই ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়েই শেখ হাসিনার সরকারের পতন ঘটানো সম্ভব হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ওই আন্দোলনে ডা. শামসুল আলম খান মিলনের আত্মত্যাগ এবং আমানউল্লাহ আমান, খায়রুল কবির খোকন, নাজিমুদ্দিন আলম, হাবিব, মুস্তাফিজুর রহমান বাবুল ও লুৎফুর রহমানসহ ছাত্রনেতাদের ভূমিকা ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে।
তিনি বলেন, ‘জুলাইয়ের অর্জনের মধ্য দিয়ে আমরা একটি নির্বাচিত সরকার পেয়েছি। তবে শুধু সরকার পেলেই হবে না, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে সুসংহত করতে হবে।’
আই/এ