কক্সবাজারে অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধের অভিযোগে ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন, প্রায় ৩০ থেকে ৪০টি ল্যাপটপ এবং বিভিন্ন ধরনের যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে কক্সবাজার শহরের কলাতলী এলাকার হোটেল সি-প্যালেসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. অহিদুর রহমান আজ (৪ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রামু থানায় দায়ের করা একটি অভিযোগের সূত্র ধরে ঢাকার পুলিশের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে হোটেলটিতে অভিযান চালানো হয়। অভিযানে ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও যোগাযোগের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধের অভিযোগে মামলা করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তিনি মামলার নম্বর, আটক ব্যক্তিদের পরিচয় বা অভিযোগের বিস্তারিত তথ্য জানাতে পারেননি।
উদ্ধার করা যোগাযোগ সরঞ্জামগুলোর কয়েকটি বিদেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবহৃত সরঞ্জামের মতো বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। তবে এসব সরঞ্জাম কোন দেশের বা কী কাজে ব্যবহার করা হতো, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
হোটেল সি-প্যালেস কর্তৃপক্ষ জানায়, গত ২৬ আগস্ট একদল চীনা নাগরিক হোটেলটিতে ওঠেন। পরে বৃহস্পতিবার রাতে পুলিশের অভিযানে ওই দলের কয়েকজনকে আটক করা হয়। তারা কী উদ্দেশ্যে কক্সবাজারে এসেছিলেন, সে বিষয়ে হোটেল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।
আই/এ