এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ৬ দফা দাবির জন্য বাংলার প্রতিটি আনাচে-কানাচে ১১ দলীয় ঐক্যের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি নতুন সংগ্রাম শুরু হয়েছে। আমরা সরকারকে বলব, আপনারা দাবিগুলো মেনে নেন। যদি দাবি না মানেন, এই ছয়দফা এক দফাতে রূপান্তর হবে, সেটি হলো সরকারের পদত্যাগ।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ছয়দফা দাবিতে ১১ দলীয় জোটের ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চে কুমিল্লার পথসভায় তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, অনেকে জিজ্ঞাসা করেন, আমরা এত টাকার তেল খরচ করে কেন লংমার্চে যাচ্ছি। আমরা আজকে বলব, সরকারের গদি নড়ে গেছে। সরকার কি তেল পাচ্ছে? আপনারা সবাই মাঠে থাকবেন। শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার হবে।
তিনি বলেন, এই বৃহত্তর কুমিল্লার মানুষ আল্লাহর ওপর ভরসা করে। জীবনে কখনও মাথানত করে না। কখনও চাঁদাবাজদের কাছে মাথা নত করবে না।
এর আগে আজ সকালে শাপলা চত্বর থেকে ৬ দফা দাবিতে চট্রগ্রাম অভিমুখে লংমার্চ শুরু করে ১১ দলীয় জোট।
গণভোটের রায় বাস্তবায়ন; জুলাই গণহত্যার বিচার; বিদ্যুৎ, জ্বালানি তেল, গ্যাস ও সারের সংকট নিরসন; নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ—এই ছয় দাবিতে লংমার্চ করছে ১১ দলীয় জোট।