শিক্ষা

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

বায়ান্ন প্রতিবেদন

মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষককে সাইবার নিরাপত্তা বিষয়ে অনলাইন প্রশিক্ষণ সম্পন্ন করে সনদ সংগ্রহের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রশিক্ষণ শেষ করে অনলাইন থেকেই সনদ ডাউনলোড করতে হবে।

শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়ানোর লক্ষ্যে জাতিসংঘ শিশু তহবিলের কারিগরি সহায়তায় এ অনলাইন প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) মাউশির প্রশিক্ষণ শাখা থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত প্রত্যেক শিক্ষককে নির্ধারিত সময়ের মধ্যে প্রশিক্ষণটি সম্পন্ন করতে হবে। মাউশির নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে কোর্সটি পাওয়া যাবে। শিক্ষকরা নিজ নিজ পিডিএস পরিচিতি ব্যবহার করে লগইন অথবা নিবন্ধনের মাধ্যমে এতে অংশ নিতে পারবেন।

প্রশিক্ষণ কোর্সটিতে মোট ছয়টি মডিউল রয়েছে। এর মধ্যে ষষ্ঠ মডিউলে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হবে। কার্যক্রম শেষ হওয়ার পর এর ছবি অথবা ভিডিও নির্ধারিত সংযোগে জমা দিতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা অনলাইন প্ল্যাটফর্মেই দেওয়া হয়েছে।

ছয়টি মডিউল এবং নির্ধারিত শ্রেণি কার্যক্রম সফলভাবে শেষ করার পর শিক্ষকরা অনলাইন থেকে প্রশিক্ষণের সনদ সংগ্রহ করতে পারবেন। সনদে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির মহাপরিচালকদের স্বাক্ষর থাকবে।

মাউশি জানিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যেই মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষককে এ অনলাইন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করতে হবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #মাউশি #জরুরি নির্দেশনা