রাজধানী

রাজধানীতে বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত ফাইল ছবি

রাজধানীর লালবাগে ভাড়া বাসা থেকে মুহাম্মদ আনোয়ার হোসেন নামে এক আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহীদনগরের বউবাজার ৩ নম্বর গলির একটি বাড়ির দ্বিতীয় তলার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামিল হোসেন ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাশের কক্ষের এক ভাড়াটিয়া আনোয়ারকে ঘরের ভেতর মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে লালবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের পাশাপাশি প্রাথমিক আইনগত প্রক্রিয়া শুরু করে। পরে সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেন।

নিহত আনোয়ার হোসেন জজ কোর্টের আইনজীবী ছিলেন। ঢাকা বার অ্যাসোসিয়েশন অ্যানেক্স ভবনের প্রথম তলায় ২১৪ নম্বর কক্ষে তার চেম্বার রয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি ওই বাসায় একাই থাকতেন। 

ওসি মোহাম্মদ জামিল হোসেন বলেন, আনোয়ার হোসেন জজ কোর্টের অ্যাডভোকেট ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোক করে তার মৃত্যু হতে পারে। ধারণা করা হচ্ছে দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়েছে। 

ওসি আরও জানান, আনোয়ারের ড্রাইভিং লাইসেন্স পুলিশের কাছে রয়েছে। সেটি যাচাই করে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #রাজধানী #লালবাগ #মরদেহ উদ্ধার