দেশজুড়ে

পদ্মায় নিখোঁজ হওয়া ছাত্রদল নেতা রকির মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ হওয়ার দুই দিন পর রাকিবুজ্জামান রকি (২২) নামে এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। নিহত রাকিবুজ্জামান রকি ঝিনাইদহের শৈলকূপা পৌরসভার কবিরপুর মাধ্যমিক বিদ্যালয়পাড়া এলাকার বাসিন্দা। তিনি শৈলকূপা পৌর ছাত্রদলের সদস্যসচিব ছিলেন।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার লক্ষ্মীকুন্ডা এলাকার পদ্মার শাখা নদীর আকাতের ঘাট থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। লক্ষ্মীকুন্ডা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানায়, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহের কাতলাগাড়ীর গড়াই নদী থেকে পাবনার রূপপুর পর্যন্ত ট্রলারে করে ভ্রমণে বের হন প্রায় দেড় শতাধিক মানুষ। ভ্রমণ শেষে ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে পাবনার ঈশ্বরদীর পাকশী হার্ডিঞ্জ ব্রিজের ৫ নম্বর পিলারে ইঞ্জিনচালিত ট্রলারটি ধাক্কা খায়। এতে কয়েকজন যাত্রী নদীতে ছিটকে পড়েন। দুর্ঘটনার পর রকি ও আরও দুজন নিখোঁজ হন।

পরে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে মো. লিটন (৩৮) ও মো. ওয়াহাব (৪৫) নামে দুজনকে জীবিত উদ্ধার করেন। তবে রাকিবুজ্জামান রকির সন্ধান মিলছিল না। আজ সকালে স্থানীয় লোকজন নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম জানান, উদ্ধার করা মরদেহটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #পাবনা #ছাত্রদল নেতার #ট্রলার দুর্ঘটনা