আন্তর্জাতিক

সৌদির দুই শহরে জরুরি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

ইয়েমেনে নতুন করে সংঘাত তীব্র হয়ে ওঠার মধ্যে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জারি করা জরুরি সতর্কতা প্রত্যাহার করেছে সৌদি আরবের সিভিল ডিফেন্স।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে সোমবার (১৪ সেপ্টেম্বর) এ তথ্য জানা গেছে। সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি বিবেচনায় দুই শহরে সতর্কতা জারি করা হলেও পরে পরিস্থিতি পর্যালোচনা করে তা তুলে নেওয়া হয়।

সিভিল ডিফেন্স জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিরাপদ রয়েছে। তবে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কোনো ঘটনা ঘটলে ঘটনাস্থলে অপ্রয়োজনে ভিড় না করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের জন্য ছবি বা ভিডিও ধারণ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিবেশী ইয়েমেনে সশস্ত্র গোষ্ঠী হুতি ও সরকারি বাহিনীর মধ্যে সামরিক সংঘাত নতুন করে বেড়ে যাওয়ার পর সৌদি সীমান্তেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। সম্প্রতি লোহিত সাগর ও কৌশলগত জলসীমায় হুতিদের তৎপরতা বাড়ানোর চেষ্টায় পুরো অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে।

ইয়েমেনের তাইজ, আল-জাওফ ও আল-বাইদা প্রদেশে বর্তমানে হুতি ও সরকারি বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে। একই সময়ে হুতিদের অবস্থান লক্ষ্য করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলাও অব্যাহত রয়েছে।

২০১৪ সালে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। এরপর ২০১৫ সাল থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন এবং হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করে আসছে সৌদি নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #সৌদি আরব #ইয়েমেন #জরুরি সতর্কতা