অর্থনীতি

গ্যাস সরবরাহ স্বাভাবিক, আবারও শুরু হচ্ছে ইউরিয়া উৎপাদন

বায়ান্ন প্রতিবেদন

দীর্ঘদিন গ্যাসসংকটের কারণে বন্ধ থাকার পর প্রয়োজনীয় গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় আবারও উৎপাদনে ফিরতে পুরোপুরি প্রস্তুত চট্টগ্রাম আনোয়ারার চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। এরই মধ্যে কারখানাটির অ্যামোনিয়া প্ল্যান্ট চালু করা হয়েছে। ইউরিয়া উৎপাদন ইউনিটের কিছু কারিগরি পরীক্ষা ও যান্ত্রিক প্রস্তুতি শেষ হলেই শুরু হবে মূল উৎপাদন কার্যক্রম।

কারখানা সূত্রে জানা গেছে, গ্যাস সরবরাহ নিশ্চিত হওয়ার পর গত ৯ সেপ্টেম্বর থেকে ইউরিয়া তৈরির অন্যতম প্রধান কাঁচামাল অ্যামোনিয়া উৎপাদন শুরু হয়। দীর্ঘ সময় কারখানা বন্ধ থাকায় ইউরিয়া ইউনিটের কয়েকটি পাইপলাইন ও যন্ত্রাংশে প্রয়োজনীয় মেরামত এবং নিরাপত্তামূলক পরীক্ষা-নিরীক্ষা চলছে। এসব কাজ শেষ হওয়ার পরই পূর্ণমাত্রায় ইউরিয়া উৎপাদনে যাবে কারখানাটি।

সিইউএফএলের মহাব্যবস্থাপক (বাণিজ্য) এস এম আবদুল্লাহ আল মামুন জানান, এক সপ্তাহের বেশি সময় ধরে কারখানাটি চাহিদা অনুযায়ী পর্যাপ্ত গ্যাস পাচ্ছে। গ্যাস সরবরাহ পাওয়ার পর দ্রুতই অ্যামোনিয়া উৎপাদন চালু করা হয়েছে। ইউরিয়া প্ল্যান্টের প্রয়োজনীয় যান্ত্রিক প্রস্তুতি শেষ করে শিগগিরই পুরো কারখানার উৎপাদন কার্যক্রম চালু করা হবে।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক কর্মকর্তা জানান, জাতীয় নির্দেশনা অনুযায়ী কৃষিভিত্তিক শিল্পের উৎপাদন সচল রাখতে সার ও বিদ্যুৎ খাতে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ করা হচ্ছে। বর্তমানে সিইউএফএলে প্রতিদিন ৪০ মিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস সরবরাহ করা হচ্ছে। প্ল্যান্ট চালু রাখার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজন হলে গ্যাসের সরবরাহ আরও বাড়ানো সম্ভব।

শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন—বিসিআইসির পরিচালনায় থাকা সিইউএফএলে প্রতিদিন গড়ে প্রায় এক হাজার টন ইউরিয়া সার উৎপাদনের সক্ষমতা রয়েছে।

কারখানাটি পুরোপুরি উৎপাদনে ফিরলে দেশের কৃষিখাতে সারের সরবরাহ আরও নিশ্চিত হবে। পাশাপাশি আমদানি নির্ভরতা কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সিইউএফএল।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #গ্যাস সংকট #ইউরিয়া উৎপাদন