শিল্প কারখানায় আগামীকাল মঙ্গলবার থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে বলে ব্যবসায়ী নেতাদের আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এক সভা শেষে এ কথা জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমইএ) ভাইস প্রেসিডেন্ট মো. আবুল কালাম।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন যে আগামীকাল থেকেই মিল-কলকারখানায় বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে উন্নতি হবে এবং আমরা স্বাভাবিক উৎপাদনে ফিরে যেতে পারব।’
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন নতুন করে সংকট তৈরির হওয়ার আগে যে অবস্থা ছিল, আগামীকাল রাত থেকেই আমরা ওই অবস্থায় ফিরে যেতে পারব। এটি আজকের সভার সবচেয়ে বড় প্রাপ্তি এবং স্বস্তির খবর।’
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, ২০২৮ সালের আগে নতুন আরেকটি এফএসআরসি চালু নিয়ে কাজ শুরু হয়েছে। এটি এবং আগের দুটিসহ সরকারের মোট ৫টি ভাসমান এলএনজি টার্মিনাল চালুর পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি স্থলভাগে এলএনজি টার্মিনালের পরিকল্পনাও করছে সরকার।
আই/এ