আইন-বিচার

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

বায়ান্ন প্রতিবেদন

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির তিন নেতা এবং যুবলীগ ও ছাত্রলীগের চার শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে এ রায় ঘোষণা করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করেন।

প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড পাওয়া অন্য আসামিরা হলেন—দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।

মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করে প্রসিকিউশন। পাশাপাশি তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশও চাওয়া হয়েছে।

প্রসিকিউশনের অভিযোগ, জুলাইয়ের আন্দোলনকে কেন্দ্র করে রাষ্ট্রীয় বিভিন্ন বৈঠকে মানুষ হত্যার পরিকল্পনা ও ষড়যন্ত্র করা হয়েছিল। মামলায় দাখিল করা বিভিন্ন অডিও ও ভিডিওতে এসব পরিকল্পনার প্রমাণ পাওয়া গেছে বলেও দাবি করেছে প্রসিকিউশন।

এ ছাড়া আন্দোলনকারীদের দেখামাত্র গুলি চালানোর নির্দেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দিয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

প্রসিকিউশনের দাবি, ওই নির্দেশের পর ৫ আগস্ট পর্যন্ত নির্বিচারে গুলি চালানো হয় এবং এতে বহু মানুষ নিহত হন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ওবায়দুল কাদের #মৃত্যুদণ্ড