আন্তর্জাতিক

হুথিদের মোকাবেলায় ইসরাইলের সহায়তা চাইল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তিতে ইসলামাবাদের সামরিক সীমাবদ্ধতার বিষয়টি স্পষ্ট হওয়ার পর হুথি সংকট মোকাবেলায় রিয়াদকে গোয়েন্দা সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে ইসরাইল।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ফার্স্টপোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদনের বরাতে ফার্স্টপোস্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের মধ্যস্থতায় সৌদি আরব ও ইসরাইলের মধ্যে গোয়েন্দা সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা শুরু হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সঙ্গে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বৈঠকের পর এ বিষয়ে দুই দেশের মধ্যে যোগাযোগের পথ তৈরি হয়।

প্রস্তাবিত সহযোগিতার প্রধান লক্ষ্য হচ্ছে হুথি বাহিনীর সামরিক অবস্থান, মোতায়েন এবং সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সৌদি আরবকে আগাম তথ্য দেওয়া। ইরান-সমর্থিত হুথিরা সম্প্রতি সৌদি আরবের সীমান্ত এলাকা এবং তেল পাইপলাইন ও পাম্পিং স্টেশনসহ বিভিন্ন জ্বালানি স্থাপনায় হামলা জোরদার করেছে।

একই সঙ্গে বাব এল-মানদেব প্রণালি ও আশপাশের সমুদ্রপথে নৌ চলাচল নিরাপদ রাখা এবং নিজেদের তেল অবকাঠামো সুরক্ষায় সৌদি আরব যুক্তরাজ্যের কাছেও সহযোগিতা চেয়েছে বলে ব্লুমবার্গের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর মধ্যে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সম্প্রতি ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’কে প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে উল্লেখ করে বলেছেন, এই চুক্তির আওতায় অন্য কোনো দেশে হামলা চালানোর সুযোগ নেই।

তার এই বক্তব্যের ফলে সৌদি আরবের নিরাপত্তায় পাকিস্তানের সম্ভাব্য সামরিক ভূমিকা কতটা হবে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

ইসরাইলের সঙ্গে সৌদি আরবের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকলেও ইরান ও তার মিত্রদের হুমকির প্রেক্ষাপটে দুই দেশের নিরাপত্তা সমন্বয়ের বিষয়টি ক্রমেই সামনে আসছে। তবে সম্ভাব্য নিরাপত্তা সহযোগিতার পাশাপাশি সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত স্বাভাবিকীকরণ শর্ত নিয়েও রিয়াদ ও ইসরায়েলের মধ্যে আলাদা রাজনৈতিক সমীকরণ রয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #সৌদি আরব #ইসরাইল #হুথি