কারও কাছে গরু কেবল একটি প্রাণী, আবার কারও কাছে তা ধর্মীয় বিশ্বাস ও শ্রদ্ধার প্রতীক। ভারতের হিন্দু সম্প্রদায়ের কাছে গরুর এমন অবস্থান নিয়ে বিদ্রূপ করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইসরায়েলি-আমেরিকান ইহুদি ধর্মপ্রচারক ইয়োসেফ মিজরাহি। গোমূত্র পান, চিকিৎসায় এর ব্যবহার এবং রাস্তায় গরুর অবস্থান নিয়ে তার উপহাসের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্ষোভ প্রকাশ করেছেন বহু ভারতীয়।
শুক্রবার (৩০ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে হিন্দুদের গোমূত্র পান এবং চিকিৎসার কাজে তা ব্যবহারের বিষয় নিয়ে ঠাট্টা করতে দেখা যায় মিজরাহিকে। একই সঙ্গে নয়াদিল্লির রাস্তায় গরুর কারণে যান চলাচল ব্যাহত হওয়ার ঘটনাও বিদ্রূপের বিষয় হয়ে ওঠে তার বক্তব্যে।
ভিডিওতে মিজরাহিকে বলতে শোনা যায়, ‘আপনারা কি সেই ভারতীয়দের কথা জানেন যারা গরুর পূজা করে? অর্থাৎ হিন্দুরা। তারা মেঝে থেকে গরুর মূত্র চেটে খায়। আর মজার ব্যাপার হলো, তাদের মধ্যে এমন কিছু মানুষ আবার চিকিৎসকও।’
এরপর সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, তাকে যেন ভারতীয়দের মতো করে সৃষ্টি করা হয়নি।
মিজরাহির মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেক ভারতীয় তাকে ‘বর্ণবাদী’ বলে আখ্যা দেন।
কেউ কেউ অভিযোগ করেন, তার বক্তব্যে হিন্দুদের ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যকে অপমান করা হয়েছে। একজন ভারতীয় তার মন্তব্যকে ‘অশালীন ও বর্ণবাদী বিভ্রম’ বলে অভিহিত করেছেন। আরেকজন তাকে ‘বর্ণবাদী সাইকোপ্যাথ বা বিকৃত মানসিকতার ব্যক্তি’ বলে মন্তব্য করেছেন।
ভিডিওর শুরুতে মিজরাহি এক ভারতীয় ব্যক্তির প্রসঙ্গ তোলেন। ওই ব্যক্তি একসময় তার ফেসবুক পেজে কাজ করতেন এবং ইহুদি ধর্ম গ্রহণ করতে চেয়েছিলেন বলে জানান তিনি। মিজরাহির দাবি, ওই ব্যক্তি ভারতে তার বাবা ও ভাইয়ের সঙ্গে থাকতেন। তারা গরুর সামনে মাথা নত করে পূজা করতেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তিনি ভারতে তার বাবা ও ভাইয়ের সঙ্গে থাকতেন, যারা গরুর সামনে মাথা নত করত (পূজা করত)।’
ওই পরিবারের গরু পালনের অভ্যাস নিয়েও উপহাস করেন মিজরাহি।
তিনি বলেন, ‘তারা গরুটিকে বাড়ির বসার ঘরে নিয়ে আসত। আর গরু যখন মেঝেতে কিছু মূত্র বা তরল ফেলে দিত, তখন তারা তা চেটে খেত। ভারতীয়রা ফার্মেসি থেকেও গরুর মূত্র কিনে থাকে।’
ভারতীয় চিকিৎসকদের নিয়েও বিদ্রূপ করেন তিনি।
মিজরাহি বলেন, ‘পরের বার যখন আপনি নয়াদিল্লির কোনো হাসপাতালে যাবেন, তখন সেখানকার ডাক্তার আপনার কাছে এসে হয়তো বলবেন ‘গুড মর্নিং’।’
এরপর ইঙ্গিত করেন, ওই চিকিৎসক হয়তো আগের রাতে গরুর মূত্র পান করেছেন।
এ ছাড়া সুজি নামে একটি গরুকে নিয়েও রসিকতা করেন মিজরাহি। তার বর্ণনা অনুযায়ী, গরুটি রাস্তার মাঝখানে বসে থাকায় পথচারীরা আটকে পড়েছিলেন। কিন্তু কেউ সেটিকে সরানোর সাহস করেননি।
বক্তব্যের শেষ দিকে মিজরাহি বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে হাসছি, ঠিক আছে; তবে আমরা সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ যে, তিনি আমাদেরকে তাদের মতো করেননি।’
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, দুই হাজার বছরেরও বেশি সময় ধরে ভারতে ইহুদি সম্প্রদায়ের মানুষের বসবাস। ইহুদিবিদ্বেষের মুখে পড়তে হয়নি—এমন দেশগুলোর মধ্যে ভারত অন্যতম। গত তিন দশকে ভারত ও ইসরায়েলের মধ্যে প্রতিরক্ষা, গোয়েন্দা তথ্য বিনিময়, সন্ত্রাসবাদ দমন, সাইবার নিরাপত্তা, কৃষি, পানি ব্যবস্থাপনা, বাণিজ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বেড়েছে। চলতি বছরের শুরুতে দুই দেশ তাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘বিশেষ কৌশলগত অংশীদারত্বে’ উন্নীত করে।
দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের প্রেক্ষাপটে মিজরাহির মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে। বিশেষ করে ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি নিয়ে তাঁর বিদ্রূপকে কেন্দ্র করে ভারতীয়দের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়েছে।
এসি//