পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে লাহোরে নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের পাঞ্জাব শাখার এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন।
পরে লাহোরের জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলিমা খানকে ৩০ দিনের জন্য আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনের দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার জনসমাগমস্থলে উপস্থিতি জননিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।
ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদমুখী ‘ন্যায়বিচার মিছিল’ কর্মসূচি ঘোষণা করেছে পিটিআই।
দলটি জানিয়েছে, এ কর্মসূচিতে দেশজুড়ে সমর্থকদের অংশগ্রহণের প্রস্তুতি চলছে। এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেছিলেন, মিছিল ঠেকাতে সরকার প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেবে।
আলিমা খানকে আটকের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী জুলফি বুখারি।
তিনি গ্রেপ্তারের ঘটনাকে তীব্র নিন্দা জানিয়ে বলেন, ২৭ সেপ্টেম্বরের কর্মসূচি নিয়ে সরকারের উদ্বেগ আলিমা খানকে আটকের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে।
এদিকে পিটিআইয়ের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, দলটির আরও কর্মী-সমর্থকদেরও আটক করা হচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এসি//