জাতীয়

সিটিতে ১০, দূরপাল্লায় ৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

প্রতি লিটারে জ্বালানি তেলের মূল্য ২০ টাকা করে বাড়ার পর বাস ও লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণের ক্ষেত্রে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৮ পয়সা এবং সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একই সাথে লঞ্চের ভাড়া প্রতি নটিক্যাল মাইলে ৫ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে এক বার্তায় সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এসব প্রস্তাব দেন।

বার্তায় বলা হয়, জ্বালানি তেলের দাম বাড়লে বাস ও লঞ্চের ভাড়া বৃদ্ধি পাবে এটাই স্বাভাবিক। তবে ভাড়া পুনর্নির্ধারণের ক্ষেত্রে যাত্রীসাধারণের প্রতিনিধিদের বাদ দিয়ে বাস ও লঞ্চ মালিকদেরকে নিয়ে সরকারি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলো দফায় দফায় রুদ্ধদ্বার বৈঠক করে ভাড়া নির্ধারণের ক্ষেত্রে স্বচ্ছতার পরিবর্তে লুকোচুরি করা হচ্ছে।

সংগঠনটি বলছে, পরিচালন ব্যয় কত টাকা বেড়েছে এবং কত পয়সা ভাড়া বাড়ালে সেই ব্যয় সমন্বয় করা সম্ভব, তার কোনো স্বচ্ছতা প্রকাশ করা হচ্ছে না। বিগত সরকারের সময় থেকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির একচেটিয়া সুবিধা বাস ও লঞ্চ মালিকদের দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

যাত্রী কল্যাণ সমিতি জানায়, ভাড়া নির্ধারণের ক্ষেত্রে যাত্রীসাধারণের প্রতিনিধিদের কোনো মতামত নেওয়া হয় না। এর ফলে সাধারণ মানুষ বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #জ্বালানি তেল #বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি