দেশজুড়ে

‘মিস ইউ মা’ লিখে ফেসবুকে পোস্ট, ২৪ ঘণ্টা পর পাহাড় থেকে উদ্ধার শিক্ষার্থী

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর থেকে নিখোঁজের ২৪ ঘণ্টার মধ্যে রাতুল দেব নাথ (১৩) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল এ তথ্য জানায়। উদ্ধার হওয়া রাতুল দেব নাথ ছেংগারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে ছেংগারচর বাজারের স্বর্ণ ব্যবসায়ী বিশ্বজিৎ চন্দ্র দেব নাথের ছেলে।

পুলিশ জানায়, গত ২১ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পর রাতুল নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন সম্ভাব্য স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।

সেদিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাতুলের ফেসবুক পেজে ‘মিস ইউ মা’ লেখা একটি স্ট্যাটাস দেখতে পান পরিবারের সদস্যরা। এতে তাদের উদ্বেগ আরও বেড়ে যায়। সম্প্রতি কুমিল্লায় ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে পরিবারের মধ্যে আতঙ্কও তৈরি হয়।

পরে রাতুলের বাবা মতলব উত্তর থানায় ছেলের নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি করেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় রাতুলের সন্ধানে অভিযান শুরু করে পুলিশ।

সহকারী পুলিশ সুপার, মতলব সার্কেল জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে পুলিশের একটি দল কাজ শুরু করে। দলের নেতৃত্বে ছিলেন উপপরিদর্শক জীবন চৌধুরী ও সহকারী উপপরিদর্শক রবিউল হোসেন।

পুলিশের দাবি, বিভিন্ন তথ্য বিশ্লেষণ, রাতুলের সম্ভাব্য গতিবিধি পর্যালোচনা এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। পরে শনাক্ত করা অবস্থানের ভিত্তিতে বান্দরবান সদর থানার আওতাধীন দুর্গম পাহাড়ি এলাকা ১২ মাইলে অভিযান চালিয়ে রাতুলকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া শেষে রাতুল দেব নাথকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান বলেন, তথ্যপ্রযুক্তির ব্যবহার, দ্রুত পদক্ষেপ এবং সমন্বিত অভিযানের মাধ্যমে দুর্গম এলাকা থেকে রাতুলকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #চাঁদপুর #বান্দরবান #নিখোঁজ শিক্ষার্থী #ফেসবুক