বৈরী আবহাওয়া ও পরিবহন ব্যয় বৃদ্ধির কারণ দেখিয়ে রাজধানীর কাঁচাবাজারে নিত্যপণ্যের দামে উত্তাপ ছড়াচ্ছে। সপ্তাহের ব্যবধানে সবজি, মাছ ও ডিমের দাম বেড়ে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্য আয়ের ক্রেতারা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার বিভিন্ন বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, অধিকাংশ সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে বাজারের সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে শিম ও কাঁচা মরিচ। যার প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০০ টাকায়।
এছাড়া জাতভেদে বেগুন ১০০ থেকে ১৮০ টাকা এবং গাজর ১৪০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। বিপরীতে কমদামে বিক্রি হচ্ছে কাঁচা পেঁপে, যার কেজি ৩০ থেকে ৪০ টাকা।
অন্যান্য পণ্যের মধ্যে প্রতি কেজি পটল ও ঢেঁড়স ৬০-৭০ টাকা। করলা, চিচিঙ্গা, ধন্দুল, কাকরোল ও কচুর লতি ৭০-১০০ টাকা এবং টমেটো ১০০-১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতিটি লাউ ৭০-৮০ টাকা এবং চালকুমড়া বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়।
সবজির পাশাপাশি চাপ বেড়েছে মাছ-মাংসের বাজারেও। মাত্র দুই দিনের ব্যবধানে ফার্মের মুরগির ডিমের দাম ডজনে ১০ টাকা বেড়ে বর্তমানে ১৫৫ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজার ঘুরে দেখা যায়, প্রায় সব ধরনের মাছ কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। মাঝারি ও বড় আকারের রুই ও কাতল বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৪৫০ টাকা কেজি দরে। এছাড়া তেলাপিয়া ২৪০-২৮০ টাকা, পাঙ্গাশ ২০০-২২০ টাকা এবং চাষের চিংড়ি আকারভেদে ৭০০ থেকে ১,১০০ টাকায় বিক্রি হচ্ছে।
বিক্রেতারা জানায়, সম্প্রতি সময়ে জ্বালানির তেলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে পরিবহন খরচ বেড়েছে। যার প্রভাব পড়েছে বাজারে। তবে সামনে সবজির মূল মৌসুম আসতে যাচ্ছে, সেই সময় সব ধরনের সবজির দাম কমে আসবে।
অন্যদিকে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে লাগামহীন দরবৃদ্ধিতে সংসার চালানোই এখন দায় হয়ে পড়েছে। দিনকে দিন আয়ের চেয়ে ব্যয়ের পাল্লা ভারী হতে থাকায় সাধারণ মানুষ কিছুতেই হিসাব মেলাতে পারছেন না। থমকে যাওয়া বাজেট আর প্রতিদিনের বাড়তি খরচের চাপে পড়ে ক্ষোভ ও চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্তরা।
আর/আই