আন্তর্জাতিক

হরমুজে জাহাজ চলাচল দুই মাসের মধ্যে সর্বনিম্ন, বাড়ছে তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের মধ্যে উপসাগরীয় অঞ্চলে ট্যাংকারে হামলা বাড়ায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহে বিঘ্নের আশঙ্কায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার দুই মাসেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে কমসংখ্যক পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালি পার হয়েছে।

বিশ্লেষণী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার মাত্র সাতটি পণ্যবাহী জাহাজ প্রণালিটি অতিক্রম করে। গেল ২৩ জুলাইয়ের পর এটিই সর্বনিম্ন। বুধবার জাহাজ চলাচল কিছুটা বেড়ে ১০টিতে দাঁড়ালেও রোববার ও সোমবারের তুলনায় তা অনেক কম।

কেপলারের বিশ্লেষক ইমানুয়েল বেলোস্ত্রিনো ও ইউই তোরিকাতা জানান, যুদ্ধকালীন সর্বোচ্চ পর্যায়ের তুলনায় হরমুজ দিয়ে অপরিশোধিত তেল পরিবহন ২৭ শতাংশ কমে দৈনিক অন্তত ১ কোটি ১০ লাখ ব্যারেলে নেমেছে। তবে এই পরিমাণ সেপ্টেম্বরের গড়ের কাছাকাছি। যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় তেল পরিবহন কমেছে ৭৪ শতাংশ।

এদিকে, জাহাজ চলাচল কমে যাওয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহে বিঘ্নের আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দামও বেড়েছে।

বুধবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ২৮ ডলার বা ২ দশমিক ২৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ২৮ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৬৬ ডলার বা ১ দশমিক ৮৮ শতাংশ বেড়ে ৮৯ দশমিক ৯৪ ডলারে দাঁড়ায়।

এর আগে বুধবার তেলের দাম কিছুটা কমেছিল। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) তেলের মজুত দ্রুত বাজারে ছাড়ার পাশাপাশি ডিজেল সরবরাহকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা নেওয়ার পর বাজারে সাময়িক স্বস্তি আসে।

তবে যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন এবং রেকর্ড মূল্যবৃদ্ধির আশঙ্কা থাকায় আবারও বাজারে চাপ তৈরি হয়েছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান যুদ্ধ #হরমুজ প্রণালি #মধ্যপ্রাচ্য