প্রাইভেটকারে গুলি চালিয়ে গাজীপুরের শ্রীপুরে ‘বিকাশ’-এর ডিস্ট্রিবিউটরের তিন কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠানের এক ম্যানেজার গুলিবিদ্ধসহ চার জন আহত হয়েছেন। এ ঘটনায় আহতরা হলেন, হিমেল আহমেদ (৩৫), ফাহাদ হোসেন (৩৫), রিফাত (৩০), এবং ড্রাইভার লাল মিয়া (৩২)।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিকাশের লোন শাখার ক্রেডিট ম্যানেজার ফাহাদ হোসেন বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে তারা তিন সহকর্মী বিকাশের নরসিংদী সদরের ডিস্ট্রিবিউশন শাখা থেকে চার কোটি টাকা নিয়ে প্রাইভেটকারযোগে শ্রীপুরের মাওনার উদ্দেশে রওনা হই। শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় সন্ধ্যা সোয়া ৬টার দিকে এসে পৌঁছালে পেছন থেকে ১০-১২টি মোটরসাইকেল তাদের প্রাইভেটকার ঘিরে ফেলে।
তিনি বলেন, প্রতি মোটরসাইকেলে দুজন করে লোক ছিল। কিছু বুঝে উঠার আগেই তারা চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে প্রাইভেটকারের গ্লাস ভেঙে ফেলে। পরে পিস্তল বের করে গুলি করে এ সময় প্রাইভেটকারের সামনে বসে থাকা হিমেল আহমেদ গুলিবিদ্ধ হন। অন্যরা চালকের পাশের গ্লাস ভেঙে আমাদের মারধর শুরু করে। পরে প্রাইভেটকারের পেছনে রাখা চারটি টাকার বস্তার মধ্যে তিনটি নিয়ে দুই মিনিটের মধ্যে ঘটনাস্থল থেকে শ্রীপুরের দিকে চলে যায়। প্রতি বস্তায় এক কোটি করে টাকা ছিল।
তিনি আরও বলেন, পরে প্রাইভেটকার চালিয়ে তিনি শ্রীপুর হাসপাতালে যান। এর মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় গুলিবিদ্ধ হিমেলকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অনিক সরকার বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিন জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে হিমেলের পেটের ডান পাশে গভীর ক্ষত রয়েছে; যা গুলির আঘাত হতে পারে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’
ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেন, এখনও ছিনতাই হওয়া টাকার পরিমাণ নিশ্চিত হতে পারেনি পুলিশ। তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। সেইসঙ্গে ঘটনায় জড়িতদের শনাক্ত ও লুট হওয়া টাকা উদ্ধারে অভিযানে নেমেছে পুলিশ।
আই/এ