অপরাধ

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ জন

বায়ান্ন প্রতিবেদন

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৫২১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব অভিযানে বিভিন্ন অপরাধে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৪১ জন, লালবাগে ৪৪ জন, ওয়ারীতে ৭০ জন, মতিঝিলে ৫৭ জন, তেজগাঁওয়ে ৬৩ জন, মিরপুরে ১৫০ জন, গুলশানে ৩৩ জন, উত্তরায় ৫৭ জন এবং গোয়েন্দা বিভাগে ছয়জন রয়েছেন।

অভিযান চলাকালে একটি বিদেশি রিভলবার, ছয় রাউন্ড তাজা কার্তুজ এবং তিনটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়। এ ছাড়া ১ হাজার ৮৭২ পিস ইয়াবা, ১৩১ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ২৫ পুরিয়া হেরোইন ও ৫৩ বোতল কফ সিরাপ (ফেনসিডিল) জব্দ করা হয়েছে।

এ সময় একটি জিপ গাড়ি, ১২ হাজার ৩৯৫ টাকা ও নয়টি মুঠোফোনও উদ্ধার করে পুলিশ। পাশাপাশি একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ডিএমপি #গ্রেপ্তার