জাতীয়

নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁসের অভিযোগ তদন্তে ৫ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর)  যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ কমিটি গঠনের কথা জানানো হয়।

মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মাহফুজুল আলম খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এই কমিটির সদস্য সচিব করা হয়েছে প্রশাসন অধিশাখার উপসচিবকে। কমিটিতে আরও রাখা হয়েছে— যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ফিন্যান্স এন্ড পারফরমেন্স ম্যানেজমেন্ট অধিশাখার যুগ্মসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি এবং যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালককে (সীড ফাইন্যান্সিং)।

তদন্ত কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, কমিটি প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ ও বিতরণের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং অভ্যন্তরীণ-বহিঃস্থ সহায়তাকারীদের জবানবন্দি গ্রহণ ও পারিপার্শ্বিক অবস্থা পর্যালোচনা করে প্রশ্নফাঁসের অভিযোগ তদন্ত করা হবে।

উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় আজ সকাল ১১টায় নির্ধারিত ২৪২টি পদের ওই নিয়োগ পরীক্ষা শুরুর ১ ঘন্টা আগেই বাতিল করা হয়।

সূত্র: বাসস

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #যুব উন্নয়ন অধিদপ্তর #যুব ও ক্রীড়া মন্ত্রণালয়