রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আচারের বয়ামে লুকিয়ে আনা হীরা, প্লাটিনাম ও স্বর্ণালংকারসহ মূল্যবান পাথর উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। এ ঘটনায় যাত্রী মো. জনি রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়। আজ (১১ অক্টোবর) ঢাকা কাস্টম হাউসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ ঘটনায় কাস্টম হাউসের পক্ষ থেকে বিমানবন্দর থানায় সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা করা হয়েছে
এতে বলা হয়, গতকাল রাত সাড়ে আটটার দিকে কলকাতা থেকে ওই যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। পরে তাঁর লাগেজ তল্লাশি করে অলংকারগুলো উদ্ধার করা হয়। কাস্টমস জানিয়েছে, উদ্ধার করা এসব অলংকার ও মূল্যবান পাথরের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭০ লাখ টাকা।
কাস্টমসের তথ্য অনুযায়ী, উদ্ধার করা পণ্যের মোট ওজন ১ হাজার ৫৪ গ্রাম। এর মধ্যে রয়েছে ১৮ ক্যারেটের হীরা বসানো ৩৮৯টি সোনার আংটি, ৯৫০ মানের প্লাটিনামের ১৫১টি আংটি, সাদা সোনার (হোয়াইট গোল্ড) ৩টি গয়না, রুপার ২টি আংটি, সোনার ৫টি লকেট, ১টি চেইন ও ৪৭২টি নাকফুল। এ ছাড়া ৪৫ ক্যারেট ওজনের বিভিন্ন আকারের হীরা, রুবি, পোখরাজসহ ৭২০টি মূল্যবান পাথর এবং গয়নার সত্যতা যাচাইয়ের ২৩টি প্রত্যয়ন কার্ড জব্দ করা হয়েছে।
আই/এ