দেশজুড়ে

আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

বায়ান্ন প্রতিবেদন

নারায়ণগঞ্জে আদালত প্রাঙ্গণে সাবেক সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তার আইনজীবীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদনের শুনানি বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ফতুল্লার আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাইফুল ইসলাম গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আইনজীবী জিয়াউল ইসলাম কাজল, তার ভাই আতিকুল ইসলাম এবং আরেক আইনজীবী মাহাবুব রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে নারায়ণগঞ্জ শহরের আল্লামা ইকবাল রোডের একটি বাসা থেকে জিয়াউল ইসলাম কাজল ও তার ভাই আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। একই রাতে শহরের দেওভোগ এলাকার পাক্কা রোডের গার্মেন্ট গলি থেকে মাহাবুব রহমানকে আটক করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, গ্রেপ্তারের পর বুধবার সকালে তিনজনকে আদালতে পাঠানো হয়। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। বৃহস্পতিবার এ আবেদনের ওপর শুনানি হবে।

পুলিশের দাবি, আদালত প্রাঙ্গণে স্লোগান দেওয়ার ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করা হয়। এরই ধারাবাহিকতায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে স্লোগান দেওয়ার ঘটনায় তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে মঙ্গলবার সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা তুহিন হত্যা মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিন নিয়ে আদালতে শুনানি হয়। উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর নিম্ন আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদনসংক্রান্ত শুনানি ও পুনরায় জামিনের আবেদনের জন্য দিন ধার্য ছিল। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

আদালতের কার্যক্রম শেষে বেরিয়ে গাড়িতে ওঠার সময় আইভীকে ঘিরে ছিলেন তার সমর্থকেরা। এ সময় তাকে ‘জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না, জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়। উপস্থিত নেতাকর্মীরাও তার সঙ্গে স্লোগানে যোগ দেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ডা. সেলিনা হায়াৎ আইভী #জয় বাংলা #নারায়ণগঞ্জ