সাবেক সেনা সদস্য ও সাংবাদিক লুৎফর জামান ফকির আলিফ হত্যার বিচারের দাবি দাবিতে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে পৌর শহরের মোক্তাপাড়া জেলা প্রেসক্লাবের সামনে সড়কে সাংবাদিক সমাজ এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সাংবাদিক সঞ্জয় কুমার সরকার এর সঞ্চালনায় বক্তব্য দেন, জেলা প্রেসক্লাসের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, শ্যামলেন্দু পাল।
এতে আরও বক্তব্য রাখেন, এনসিপির কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক প্রিতম সোহাগ, সাংবাদিক শফিকুল ইসলাম, তানভীর হায়াত খান ও আবুল কালাম প্রমুখ।
বক্তারা বলেন, আলিফকে হত্যা করতে একে একে ছয় রাউন্ড গুলি চূড়া হয়েছে। তাকে হত্যা করতে যে অস্ত্রটি ব্যবহার করা হয়েছে, সেটি নাইন এমএম। এ অস্ত্র একমাত্র প্রশাসন ব্যবহার করে থাকে। হত্যাকাণ্ডের বিষয়ে প্রশাসনই ভাল বলতে পারবে। এর সাথে জড়িত প্রকৃত আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
প্রশাসনের কাছে প্রশ্ন রেখে বক্তারা বলেন, আলিফের কি অপরাধ ছিল? তিনি সীমান্ত চোরাকারবারি, মাদক পাচার সহ সীমান্ত বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিনি লেখনীর মাধ্যমে সীমন্ত অপরাধ তুলে ধরতেন। এটি শুধু আলিফ হত্যা নয়, সন্ত্রাসীরা এর মাধ্যমে গণমাধ্যমের কন্ঠ রোধ করার অচেষ্টা করছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এসব করে গণমাধ্যমের কন্ঠরোধ করা যাবে না।
বক্তারা আরও বলেন, পরিবারে একমাত্র উপার্জনক্ষম লোকটি কে হারিয়ে দিশেহারা তার স্ত্রী। স্বামী হত্যার ন্যায় বিচার পাওয়া, সন্তান মানুষ করা এখন তার স্ত্রীর বড় চ্যালেঞ্জ। আমরা চাই সরকার যেন আলিফের সন্তানদের স্বাভাবিক জীবনে নিশ্চিত করে তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।
এর আগে শুক্রবার রাতে নিহতের স্ত্রী বাদী হয়ে ৮ জনকে অজ্ঞাতনামা আসামি করে দুর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
আই/এ