দেশজুড়ে

কক্সবাজারে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের হিমছড়ি এলাকায় সাগরে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ সময় একজনকে জীবিত উদ্ধার করা হলেও আরও দুজন পর্যটক এখনও নিখোঁজ আছেন। নিহত তিন পর্যটক হলেন ঢাকা উত্তরার দিয়াবাড়ির মো. বোরহান (২৩), সাইফুল ইসলাম (২৩) ও নাফিসুল হক (২২)।

বুধবার (২১ অক্টোবর) বিকেল ৫টার দিকে মারিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সমুদ্রসৈকতে এ ঘটনা ঘটে। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বেসরকারি লাইফগার্ড প্রতিষ্ঠান সি-সেফের আঞ্চলিক পরিচালক ইমতিয়াজ আহমেদ গণমাধ্যমকে বলেন, ঢাকা থেকে ঘুরতে আসা ১২ জনের দলটি আজ বিকেল চারটার দিকে হিমছড়ির মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে যায়। তাঁদের মধ্যে পাঁচজন সাগরে গোসল করতে নামেন। ঢেউয়ের ধাক্কায় তাঁরা পানিতে তলিয়ে গেলে লাইফগার্ড ও স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। তিনজনকে উদ্ধার করা হলেও তাঁদের মৃত্যু হয়।

তিনি বলেন,কলাতলী থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় গোসলে নেমে কেউ নিখোঁজ হলে উদ্ধারের জন্য সি-সেফের ২৭ জন লাইফগার্ডকর্মী রয়েছেন কিন্তুকলাতলী থেকে দক্ষিণে দরিয়ানগর, হিমছড়ি, পাটুয়ারটেক, ইনানী হয়ে টেকনাফ পর্যন্ত বিস্তীর্ণ সৈকতে উদ্ধার তৎপরতা চালানোর মতো তাদের পর্যাপ্ত কর্মী নেই। সৈকতের বিভিন্ন পয়েন্টে মানুষের ভিড় দেখে অনেকে গোসল করতে দরিয়ানগর ও হিমছড়ি সৈকতের দিকে ছুটছেন। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #কক্সবাজার #৩ পর্যটক