দেশজুড়ে

অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৪

কুমিল্লায় দেশীয় অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (৩১ অক্টোবর) রাত ১১টা থেকে পৌনে ১টা পর্যন্ত কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (০১ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম। 

পুলিশ জানায়, সম্প্রতি দেশীয় অস্ত্র হাতে কয়েকজন কিশোরের স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর জড়িতদের শনাক্তে অভিযান শুরু করে পুলিশ। অভিযানে 'এসবিএস' কিশোর গ্যাংয়ের তিন সদস্য এবং 'সিটিজি' গ্রুপের এক অ্যাডমিনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার উনাইসার এলাকার লোকমান হোসেনের ছেলে ইয়াছিন আহমেদ আকাশ (১৭), মনির হোসেনের ছেলে মো. হাবিব (১৭), কালা মিয়ার ছেলে হাবিব (১৭) এবং একই এলাকার বাসিন্দা ও 'সিটিজি' গ্রুপের অ্যাডমিন শাওন।

ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। থানা এলাকায় কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তার চারজনকে আদালতে পাঠানো হয়েছে।

এমজে/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন #কিশোর গ্যাং #কুমিল্লা