বরগুনার বিষখালী নদীর বুকে জেগে ওঠা চরটি যেন এক সবুজ দ্বীপ। কিন্তু সেই সবুজ এখন অতীত। স্থানীয়ভাবে ছৈলার চর বলে পরিচিত চরের চারদিকে পড়ে আছে গাছের গুঁড়ি, কাটা ডালপালা আর ফাঁকা জমি। চারপাশে গাছ রেখে কৌশলে মাঝখানে বনভূমি থেকে গাছ কেটে উজার করা হয়েছে উপকূলীয় বন।
সম্প্রতি বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের গাবতলী এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া বিষখালী নদীর বুকে জেগে ওঠা ওই চরে গিয়ে এমন চিত্র দেখতে পাওয়া যায়।
স্থানীয়দের অভিযোগ, চরটির প্রায় দেড় হাজারেরও বেশি গাছ কেটে নেওয়া হয়েছে। এ ঘটনায় কনু হাওলাদার, শাহ আলম মেম্বার, ফোরকান, নিজাম আকন, সোহরাফ আকন, রশিদ আকন ও মাসুদ মৃধাসহ আরও কয়েকজনের নাম উঠে এসেছে। স্থানীয়দের দাবি, পুরো কর্মকাণ্ডে নেতৃত্ব দিচ্ছেন নিজাম আকন।
স্থানীয় কয়েকজন বলেন, চরের গাছ কেটে ৫০ টাকা দরে লাকরি হিসেবে বিক্রি করছে নিজাম আকন ও তার লোকজন। এই কাজে বাধা প্রদান করলে আওয়ামী লীগ হিসেবে ধরিয়ে দেওয়ার হুমকি প্রদান করেন তারা। এলাকায় এরা ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছেন।
অভিযোগ রয়েছে গাবতলী এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে চরের জমি বন্দোবস্ত করে দেওয়ার কথা বলে প্রায় চার লাখ টাকা সংগ্রহ করা হয়েছে।

বেতাগী উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার পলাশ বলেন, এ্যাসিল্যান্ড এর নির্দেশে আমি যে চরে গিয়ে রিপোর্ট দিয়েছি সেখানে বাড়ি ঘর আছে লোকজন বসবাস কর এবং সেখানে অল্পকয়েকটি ছোট ছৈলা গাছ আছে সেই গাছ গুলো কর্তন করার সুপারিশ করেছি যাতে কৃষকরা তরমুজ চাষ করতে পারে।
তবে সরেজমিনে দেখা যায়, সেই চরে কোন বাড়ি ঘর নেই কোন মানুষ বসবাস করে না এবং দের হাজার বড় বড় ছৈলা গাছ কেটে নেয়া হয়েছে। চরজুড়ে দেখা গেছে সদ্য কেটে ফেলা অসংখ্য গাছের গুঁড়ি। কোথাও পড়ে আছে গাছের মোটা গুঁড়ি, কোথাও কাটা ডালের অবশিষ্টাংশ। একসময় সবুজে আচ্ছাদিত এলাকাটি এখন অনেকটাই বিরানভূমি।

এ বিষয়ে অভিযুক্ত নিজাম আকনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, উপজেলা প্রশাসন, বন বিভাগ ও উপজেলা ভূমি অফিসকে জানিয়েই গাছ কাটা হচ্ছে। তাদের কাছে গাছ কাটার অনুমতিপত্র রয়েছে বলেও দাবি করেন তিনি। তবে সেই অনুমতিপত্র দেখাতে বাধ্য নন বলে জানান।
এ সময় উচ্চপর্যায়ের নেতাকর্মীদের নাম ব্যবহার করে এ প্রতিবেদককে তিনি হুমকি প্রদান করেন।
বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’-এর সভাপতি মুসফিক আরিফ তিনি বলেন, সবচেয়ে দুঃখজনক হলো, কাগজে লেখা হচ্ছে চরে কোনো গাছই নেই। অথচ সরেজমিনে দেখা যাচ্ছে, সেখানে সদ্য কাটা হাজারো গাছের গুঁড়ি পড়ে আছে। তাহলে এই মিথ্যা রিপোর্ট কারা দিলো, কাদের স্বার্থে দিলো? অবিলম্বে গাছ কাটা বন্ধ করতে হবে। যারা এই ধ্বংসযজ্ঞের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
অভিযোগের বিষয়ে বরগুনার জেলা প্রশাসক তাসলিমা আক্তার বলেন, বিষখালী নদীর বুকে জেগে ওঠা এই চর শুধু এক টুকরো ভূমি নয়, এটি স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘদিন ধরে বেড়ে ওঠা গাছপালা উজাড় হলে তার প্রভাব পড়তে পারে পরিবেশের ভারসাম্য ও বন্যপ্রাণীর আবাসস্থলের ওপর। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আই/এ