শিশুর গলায় আটকে ছিল পাঁচ টাকার কয়েন। শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে মেয়েকে বাঁচাতে দিশাহারা হয়ে ছোটাছুটি করছিলেন মা। এমন সময় এগিয়ে আসেন এক স্বাস্থ্যকর্মী। কোনো জটিল যন্ত্রপাতি ছাড়াই নিজের অভিজ্ঞতা ও কৌশল কাজে লাগিয়ে শিশুটির গলা থেকে কয়েনটি বের করে আনেন তিনি। মেয়েকে সুস্থ দেখে স্বস্তি ফিরে আসে মায়ের। আনন্দ ও আবেগে কেঁদে ফেলেন তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে নোয়াখালীর হাতিয়া উপজেলা সদর ওচখালীতে এ ঘটনা ঘটে। দুই বছর বয়সী শিশু ফায়েজা চরকিং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিমা আক্তার ও ফজলুর রহমান দম্পতির মেয়ে।
শিশুটির মা সিমা আক্তার জানান, বাড়িতে খেলতে গিয়ে একটি কয়েন গিলে ফেলে ফায়েজা। এরপর তার বমি শুরু হয়। একপর্যায়ে বমির সঙ্গে রক্তও বের হতে থাকে। প্রথমে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হয় তাকে। পরে নিয়ে যাওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এরই মধ্যে শিশুটি অজ্ঞান হয়ে পড়ে।
সিমা জানান, সরকারি হাসপাতালের চিকিৎসকদের কাছেও মেয়েকে দেখানো হয়। তবে প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় তারা কয়েনটি বের করার ঝুঁকি নিতে চাননি। দ্রুত নোয়াখালী জেলা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু রাতের বেলায় নদী পার হয়ে জেলা সদরে যাওয়া সম্ভব ছিল না। মেয়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দিশাহারা হয়ে পড়েন তিনি।
এ সময় স্থানীয় লোকজনের পরামর্শে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল কর্মকর্তা বিমান চন্দ্র আচার্যের কাছে মেয়েকে নিয়ে যান সিমা। উপজেলা সদরের একটি ফার্মেসির পেছনের চেম্বারে শিশুটিকে পরীক্ষা করেন তিনি। পরে সবার সম্মতি নিয়ে নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে অল্প সময়ের মধ্যেই খাদ্যনালীতে আটকে থাকা পাঁচ টাকার কয়েনটি বের করে আনেন।
মেয়েকে সুস্থ দেখে আর ধরে রাখতে পারেননি সিমা। কান্নায় ভেঙে পড়েন তিনি। ঘটনাটি দেখতে চেম্বারের সামনে ও আশপাশের রাস্তায় ভিড় করেন স্থানীয় লোকজন।
কীভাবে কয়েনটি বের করেছেন সে বিষয়ে বিমান চন্দ্র আচার্য জানান, এ কাজে একটি বিশেষ ধরনের রবারের পাইপ ব্যবহার করা হয়। পাইপটির মাথায় বেলুনের মতো একটি অংশ থাকে। সেটি শিশুর গলায় প্রবেশ করিয়ে ভেতরে পানি দেওয়া হয়। একপর্যায়ে পাইপের মাথার অংশটি বেলুনের মতো ফুলে ওঠে। পরে সেটি টেনে বের করলে কয়েনটিও সঙ্গে চলে আসে।
বিমান চন্দ্র আচার্য আরও জানান, এর আগেও কয়েকজনের গলায় আটকে যাওয়া কয়েন একই পদ্ধতিতে বের করেছেন তিনি।
এদিকে, এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিমান চন্দ্র আচার্যের প্রশংসা করছেন অনেকে। হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপ-সহকারী মেডিকেল কর্মকর্তা হিসেবে কর্মরত এই স্বাস্থ্যকর্মীর দক্ষতা ও উদ্যোগের প্রশংসা করে পোস্ট দিচ্ছেন তারা।
ঘটনার বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ইউসুফ সোহাগ জানান, শিশুটিকে তার কাছেও নিয়ে এসেছিলেন মা। এক্স-রে প্রতিবেদনে দেখা যায়, কয়েনটি খাদ্যনালীতে আটকে রয়েছে। সাধারণত নাক, কান ও গলা বিশেষজ্ঞ ছাড়া এ ধরনের কয়েন বের করা কঠিন। এ কারণে শিশুটিকে জেলা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। পরে তিনি জানতে পারেন, বিমান চন্দ্র আচার্য সফলভাবে কয়েনটি বের করেছেন। তার এই উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে।
এসি//