জাতীয় edit this post

সহিংসতার মাধ্যমে রাজনীতিতে ফেরার চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী

সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ড দলটির দেউলিয়াত্ব প্রমাণ করে। 

সোমবার (১৬ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘অনলাইন এডিটরস ফোরাম’-এর সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘রাজনীতিতে আওয়ামী লীগ গ্রহণযোগ্যতা হারিয়েছে। আর রাজনৈতিকভাবে শেখ হাসিনার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই।’

গোপালগঞ্জের সহিংসতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ সহিংস আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে ফেরার চেষ্টা করছে। গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও দলটি কিছু করতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, ‘জুলাইকে অস্বীকার করে রাজনীতি করতে পারবে না কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। জনগণ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে বিতাড়িত করেছে। এরপরও তাদের শিক্ষা হয়নি।’

মতবিনিময় সভায় অনলাইন সংবাদমাধ্যমগুলোর বিভিন্ন সমস্যা ও সেগুলোর সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা হয়। এ সময় সরকার নিবন্ধিত ও শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টালগুলোর পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে, অনুমোদন ছাড়া নিউজ পোর্টালের নিবন্ধন না দেওয়া, নিবন্ধিত পোর্টালগুলোর জন্য সরকারি বিজ্ঞাপনসংক্রান্ত প্রজ্ঞাপন জারি, শুধু অনলাইন সংবাদমাধ্যমের নবায়ন ফি বন্ধ এবং অফিসের ঠিকানা পরিবর্তনের প্রক্রিয়া সহজ করা।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #রাজনীতি #গোপালগঞ্জ #দেউলিয়া #আওয়ামী লীগ #আন্দালিব রহমান পার্থ