৬ জেলায় বজ্রপাতে ৮ জনের মৃত্যু
দেশের ছয় জেলায় বজ্রাঘাতে আট জনের মৃত্যু হয়েছে। নিহতদের বেশিরভাগই মাঠে বোরো ধান ও ভুট্টা কাটার কাজে নিয়োজিত ছিলেন।
বুধবার (৬ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত এসব প্রাণহানির ঘটনা ঘটে।
নওগাঁ:
নওগাঁর নিয়ামতপুর ও মহাদেবপুর উপজেলায় বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। মহাদেবপুরের খাজুর ইউনিয়নের কুড়াপাড়া গ্রামে ধান কাটার সময় দিলিপ চন্দ্র বর্মণ নিহত হন। নিয়ামতপুরে অনুকূল চন্দ্র মাহন্ত এবং হাজিনগর ইউনিয়নের খোদ্দচাম্পা গ্রামে অজ্ঞাতপরিচয় এক শ্রমিক বজ্রাঘাতে প্রাণ হারান।
ময়মনসিংহ:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রামে ধান কাটার সময় বজ্রপাতে আব্দুর রশিদ (৫৫) নিহত হন।
লালমনিরহাট:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নে ভুট্টাক্ষেতে কাজ করার সময় ইউসুফ আলী (৪০) বজ্রাঘাতে মারা যান।
কুড়িগ্রাম:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বদিজামালপুর গ্রামে ধান কাটার সময় ওবাইদুল ইসলাম নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
জামালপুর:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নে ভুট্টাক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে সোহেল মিয়া (৩০) নিহত হন।
নাটোর:
নাটোরের লালপুর উপজেলার বিলবাড়িয়া ইউনিয়নে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আজিজ মন্ডল (৪৫) প্রাণ হারান।
এমএ//