ধর্ম

হজে গিয়ে ১৩ বাংলাদেশির মৃত্যু

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ১৩ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ এবং ৩ জন নারী রয়েছেন।

বুধবার (১৩ মে) প্রকাশিত হজ-সংক্রান্ত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মৃতদের মধ্যে ১১ জন মক্কায় এবং ২ জন মদিনায় মৃত্যুবরণ করেছেন।

হেল্প ডেস্কের তথ্য অনুযায়ী, ৮ এপ্রিল যশোরের কোতোয়ালি এলাকার মো. আব্দুল মতিন (৫৩) এবং দিনাজপুরের নবাবগঞ্জের মো. আজহারুল হক (৬৪) মক্কায় মারা যান। তারা দুজনই বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে গিয়েছিলেন।

এরপর ১১ মে সাভারের নুসরাত শারমীন নামের এক নারী হজযাত্রী মক্কায় মৃত্যুবরণ করেন। ৪ মে ঠাকুরগাঁওয়ের হরিপুরের নিলুফা বেগম, ৩ মে ফরিদপুর সদর উপজেলার নাসিরউদ্দিন বিশ্বাস এবং একই দিনে চাঁপাইনবাবগঞ্জ সদরের মাহফুজা বেগম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

এর আগে ২৮ এপ্রিল মদিনায় রংপুর কোতোয়ালি থানার শামসুল আলম, ২৭ এপ্রিল জামালপুরের মাদারগঞ্জের মো. আব্দুল হাই (৬১) এবং শেরপুরের শ্রীবরদীর মো. আবদুল্লাহ আল মামুন (৫৮) মৃত্যুবরণ করেন। এছাড়া ২৬ এপ্রিল দিনাজপুরের বিরামপুরের খলিলুর রহমান এবং ২৫ এপ্রিল ময়মনসিংহের পাগলা এলাকার সেরাজুল হকের মৃত্যু হয়।

আরও আগে ২২ এপ্রিল টাঙ্গাইল সদরের আবুল কাশেম এবং ২১ এপ্রিল জয়পুরহাট সদরের নইম উদ্দীন মণ্ডলের মৃত্যুর খবর পাওয়া যায়।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন রয়েছেন।

গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট কার্যক্রম উদ্বোধন করা হয়। আগামী ৩১ মে পর্যন্ত সৌদি আরবগামী হজ ফ্লাইট চলবে।

হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ৩০ জুনের মধ্যে দেশে ফেরার কার্যক্রম সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন