আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম
নিষিদ্ধ সংগঠন হিসেবে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ কিংবা যেকোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নিষেধাজ্ঞা বহাল থাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর সভা-সমাবেশ, মিছিল করা এমনকি দলীয় কার্যালয় খুলে রাজনৈতিক তৎপরতা চালানোর কোনো অধিকার নেই।
বিগত স্বৈরাচারী শাসনামলে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও নির্বাচনব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল উল্লেখ করে মীর শাহে আলম বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা। প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর নির্দেশনা রয়েছে, যেকোনো মূল্যে এসব নির্বাচনকে সর্বজনগ্রাহ্য করতে হবে।
স্থানীয় সরকার নির্বাচনের নতুন বিধান সম্পর্কে তিনি বলেন, সংশোধিত আইন অনুযায়ী এবার স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক বা দলীয় মনোনয়ন থাকছে না; নির্বাচন হবে সাধারণ প্রতীকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে।
তিনি আরও বলেন, এছাড়া কোনো ইউনিয়ন বা এলাকায় দলীয় একাধিক প্রার্থী থাকলে স্থানীয়ভাবে সমঝোতার উদ্যোগ নেওয়া হবে, অন্যথায় শৃঙ্খলাভঙ্গের দায়ে সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হতে পারে।
এর আগে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় শিবগঞ্জ উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ ছেড়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আর/আই