পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রায় সব শর্ত মেনে নিতে প্রস্তুত থাকার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম বাসিরাত। তবে তাদের অভিযোগ, এরপরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে বাস্তব কোনো আলোচনায় আগ্রহ দেখাচ্ছেন না। বরং তার লক্ষ্য ইরানকে নিরস্ত্র করা ও রাজনৈতিকভাবে অপমান করা।
শনিবার (৩১ জানুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে বাসিরাত জানায়, পারমাণবিক ইস্যু যুক্তরাষ্ট্রের কাছে মূল সমস্যা নয়; এটি কেবল একটি অজুহাত।
প্রতিবেদনে দাবি করা হয়, এ বিষয়ে যুক্তিসংগত ও যৌক্তিক সব প্রস্তাবেই ইরান সম্মতি জানিয়েছে। এর মধ্যে রয়েছে পারমাণবিক কার্যক্রম ব্যাপকভাবে সীমিত করা, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নিয়মিত পরিদর্শন মেনে নেওয়া এবং নির্দিষ্ট কাঠামোর আওতায় উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সম্পূর্ণ অপসারণে প্রস্তুতি।
বাসিরাতের মতে, এসব ছাড় দেয়ার পরও ট্রাম্প প্রশাসন আলোচনার কথা বলছে না।
সংবাদমাধ্যমটি বলেছে, ট্রাম্প যে অবস্থানের কথা বলছেন তা কার্যত আত্মসমর্পণের দাবি, যার অর্থ হবে ইরানের জাতীয় সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা ক্ষুণ্ন করা, সামরিক শক্তি দুর্বল করা এবং দেশটিকে আবার নির্ভরশীল রাষ্ট্রে পরিণত করা।
প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র কোনো ধরনের আশ্বাস দিতে চায় না। বরং তাদের লক্ষ্য ইরানকে নিরস্ত্র করা, যা শেষ পর্যন্ত অপমান ও বিভাজনের দিকে ঠেলে দিতে পারে।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মনে করেন ইরানের সঙ্গে যেকোনো চুক্তির ক্ষেত্রে কঠোর শর্ত আরোপ করা হবে। এসব শর্তের মধ্যে রয়েছে—ইরানের সব সমৃদ্ধ ইউরেনিয়াম দেশ থেকে অপসারণ, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মজুদ সীমিত করা, আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন নীতিতে পরিবর্তন আনা এবং দেশে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম পুরোপুরি বন্ধ করা।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল
এসি//