রাজনীতি

রাষ্ট্র সংস্কারের পথে গণভোটই চূড়ান্ত সিদ্ধান্ত : আসিফ মাহমুদ

সিরাজগঞ্জ প্রতিনিধি

এনসিপির মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির আহ্বায়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন , দেশের রাজনৈতিক সংস্কার ও শাসনব্যবস্থার পরিবর্তনে গণভোটই হবে চূড়ান্ত সিদ্ধান্তের মাধ্যম।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত এক নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, দীর্ঘদিন ধরে দেশে যে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা চর্চা হয়ে আসছে, তা থেকে মুক্তি পেতে হলে জনগণকে সরাসরি মত প্রকাশের সুযোগ দিতে হবে। গণভোটে যারা হ্যাঁভোটের পক্ষে থাকবে, তারাই রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিচ্ছে।

একই সঙ্গে তিনি দাবি করেন, একজন ব্যক্তি যেন দুবারের বেশি সরকারপ্রধান হতে না পারেনএমন নীতি প্রতিষ্ঠার একমাত্র পথ হচ্ছে গণভোটে ইতিবাচক রায়।

তিনি  বলেন, গণভোট কোনো দলীয় ইস্যু নয়; এটি জনগণের অধিকার ও ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার দিকনির্দেশনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এ সময় তিনি শাহজাদপুর আসনে এনসিপির নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজকে শাপলা কুঁড়ি প্রতীকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে এনসিপি ও ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #আসিফ মাহমুদ