বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশকে সামনে এগোতে দিতে চায় না জামায়াতে ইসলামী এবং তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়। তারা দেশটাকে পেছন দিকে নিয়ে যেতে চায়।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে ১ আসনে নিজ নির্বাচনি এলাকায় জনসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, জামায়াত নারীদের কাজ করতে দিতে চায় না; তারা চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে। গার্মেন্টসের শ্রমিকদের নাকি পাঁচ ঘণ্টা কাজ করে ঘরে বসে রাখা হবে। যদি ঘরে বসে থাকে তবে খাবে কী? কোনও সরকার ঘরে বসিয়ে খাওয়াবে না। এসব মিথ্যা আশ্বাস।
জামায়াত আমিরের এক্স একাউন্টে পোস্ট সম্পর্কে তিনি বলেন, জামায়াত আমির যদি নারীবিদ্বেষী এমন মন্তব্য করে থাকেন, তবে তিনি অন্যায় করেছেন। বাংলাদেশে নারী পুরুষ সমান তালে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এবং পৃথিবীকে এগিয়ে নেবে।
তিনি অভিযোগ করেন, জামায়াত হিন্দু সম্প্রদায়কে হুমকি দিচ্ছে। সবাইকে নির্ভয় ও সাহসের সঙ্গে নির্বাচনে অংশ নিতে হবে। প্রতিটি নাগরিক হচ্ছে দেশের মালিক।
ভোটারদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘দেশ এখন আপনাদের হাতে, তাই সিদ্ধান্ত নিতে ভুল করা যাবে না।’
আই/এ