রাজধানীর খিলগাঁওয়ের প্রাইভেট কারের ধাক্কায় শাহিন (৪৮) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পুলিশ প্রাইভেট কারটি জব্দ করে চালককে আটক করেছে।
সোমবার (০২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে মেরাদিয়া বাজারের সাফিয়া কার সেন্টারের বিপরীত পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শাহিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, শাহিন রিকশা চালিয়ে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি প্রাইভেট কার ধাক্কা দেয়। এতে তিনি রিকশা থেকে ছিটকে ফুটপাতে পড়ে মারাত্মক আহত হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
জানা যায়, নিহত শাহিন হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সাতাক গ্রামের বাসিন্দা। তিনি মো. আলাউদ্দিনের ছেলে এবং খিলগাঁওয়ের মেরাদিয়া পোড়াবাড়ি এলাকায় বসবাস করতেন।
এমএ//