আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী নির্বাচনী সফরে রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (০৪ ফেব্রুয়ারি) বরিশালে অনুষ্ঠিত হচ্ছে তার নির্বাচনী জনসভা।
বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে বিশাল মঞ্চ প্রস্তুত করা হয়েছে। বেলা সাড়ে বারোটার দিকে প্রধান অতিথি হিসেবে মঞ্চে ওঠেন তারেক রহমান। এ সময় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা তাকে উচ্ছ্বসিত অভ্যর্থনা জানান। জনতার কণ্ঠে তখন ধ্বনিত হয়— ‘তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে’।
মঞ্চে উঠে হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদনের জবাব দেন বিএনপির চেয়ারম্যান। দীর্ঘ প্রায় দুই দশক পর বরিশালের মাটিতে পা রাখায় এই জনসভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বাড়তি আবেগ ও উৎসাহ লক্ষ্য করা গেছে।
এই সমাবেশ থেকেই দেশবাসীর উদ্দেশে নির্বাচনী বার্তা দেওয়ার পাশাপাশি বরিশাল বিভাগের একুশটি আসনে বিএনপি ও শরিক দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
তারেক রহমানের সফরকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও র্যাবের সমন্বয়ে সমাবেশস্থলসহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এমএ//