ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে এক প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে কসবা উপজেলা স্বাস্থ্য বিভাগের ছয় কর্মকর্তাকে শোকজ করা হয়েছে।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান ভূঁইয়ার স্বাক্ষরিত শোকজ নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।
শোকজপ্রাপ্ত কর্মকর্তারা হলেন কসবা উপজেলার স্বাস্থ্য পরিদর্শক মো. মনিরুল ইসলাম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. মনির হোসেন, মো. জুবায়ের মাহমুদ, ফরিদ আহম্মদ, নেপাল চন্দ্র দাস এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মো. বিল্লাল হোসেন।
শোকজ নোটিশে উল্লেখ করা হয়, অভিযুক্ত কর্মকর্তারা সরকারি চাকরিজীবী হওয়া সত্ত্বেও নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘন করে একটি রাজনৈতিক দলের প্রার্থীর পক্ষে জনসভা ও প্রচারণায় অংশ নেন। এ বিষয়ে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মাওলানা শিবলী নোমানী ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের প্রেক্ষিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান ভূঁইয়া জানান, রিটার্নিং কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের শোকজ করা হয়েছে। সরকারি চাকরিজীবী হয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়া নির্বাচন কমিশনের বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।
এমএ//