নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরে একটি খালের ওয়াকওয়ে ড্রেন থেকে অর্ধগলিত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের গরুহাট্রা এলাকার শিয়ালজানি খালের ড্রেনের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত ওই যুবকের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুল ইসলাম হারুন বলেন, ড্রেন থেকে একজন যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে শিয়ালজানি খালের ওয়াকওয়ে ড্রেনসংলগ্ন এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়াতে শুরু করে। দুর্গন্ধ সহ্যসীমা ছাড়িয়ে গেলে স্থানীয়রা মোহনগঞ্জ থানায় বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রেনের ভেতরে একটি মরদেহ দেখতে পায়। পরে মোহনগঞ্জ ফায়ার সার্ভিসকে জানানো হলে তাদের একটি দল সেখানে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে অর্ধগলিত মরদেহটি ড্রেন থেকে বের করে।
উদ্ধার শেষে মরদেহটি মোহনগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। যুবকের পরিচয় শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশের বিশেষ শাখা পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মোহনগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমন জানান, খবর পাওয়ার পর গরুহাট্রা ভূমি অফিসসংলগ্ন শিয়ালজানি খাল এলাকায় গিয়ে ড্রেনের ভেতর থেকে অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার করা হয় এবং তা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি মোহাম্মদ হাফিজুল ইসলাম হারুন জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএ//