কক্সবাজারের উখিয়ার বালুখালী ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক সাত শতাধিক রোহিঙ্গাকে সংশ্লিষ্ট শরণার্থী ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী পালংখালীর বালুখালী মরাগাছ তলা, থাইংখালীসহ বিভিন্ন গ্রামে সেনাবাহিনী, এপিবিএন ও পুলিশ এ অভিযান পরিচালনা করে। ৯ বেঙ্গলের উপ-অধিনায়ক মেজর আহসানুল হাই সৌরভ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে উখিয়ার শরণার্থী ক্যাম্পের বাইরে বিভিন্ন এলাকায় বসবাস করছিলেন। ক্যাম্পের বাইরে অনিয়ন্ত্রিতভাবে অবস্থানকারীদের বিরুদ্ধে নজরদারি জোরদার এবং তাদের ক্যাম্পে ফিরিয়ে আনতেই এ অভিযান পরিচালনা করা হয়।
মেজর আহসানুল হাই সৌরভ বলেন, ভোর থেকে বালুখালী ও আশপাশের এলাকায় যৌথবাহিনীর অভিযান শুরু হয়। আটক ব্যক্তিদের আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে।
এর আগে চট্টগ্রামের দোহাজারি এলাকায় পৃথক অভিযানে পাঁচ রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠানো হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, শরণার্থী ক্যাম্পের বাইরে অবস্থান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আই/এ