দেশজুড়ে edit this post

সিলেটে অস্ত্র-গুলিসহ ২ ভারতীয় খাসিয়া নাগরিক আটক

ছবি: সংগৃহীত

সিলেটের জৈন্তাপুর উপজেলা সীমান্তে ভারতীয় দুই খাসিয়া নাগরিককে এয়ারগান ও গুলিসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা হলেন বাতিম তুতা (২৮) ও টেম্পো (২০)।

বুধবার (১১ নভেম্বর) সিলেট-৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন দুপুর ১টার দিকে সিলেটের জৈন্তাপুর থানাধীন মিনাটিলা এলাকার সীমান্তে শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করায় তাদের আটক করা হয়। 

তিনি জানান, অবৈধভাবে শূন্য লাইন অতিক্রম করে অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করায় আটককৃত খাসিয়া নাগরিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে সিলেট জেলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২৮২/১০-এস এবং ১২৮২/৯-এস এর মধ্যবর্তী স্থান দিয়ে ২ জন ভারতীয় খাসিয়া নাগরিক শূন্য লাইন অতিক্রম করে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আনারস বাগান নামক স্থানে প্রবেশ করে। 

এ সময় ওই এলাকায় টহলরত বিজিবির টহল দল ১টি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, ২টি দা, ২টি ব্যবহৃত মোবাইল ফোনসহ তাদের আটক করতে সক্ষম হয়।

কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ রোধ, অবৈধ অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ খাসিয়া নাগরিকদের আটক করা হয়। এ বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 এমজে/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #সিলেট #ভারতীয় নাগরিক আটক #বিজিবি