অর্থনীতি

আজ থেকে ২দিন বন্ধ থাকবে দোকান-শপিংমল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে টানা দুই দিন ঢাকাসহ সারা দেশের সব দোকান, বিপণিবিতান ও শপিংমল বন্ধ থাকবে। এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভা।

সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দিতেই ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ধরনের দোকান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সরকারও টানা তিন দিনের ছুটি ঘোষণা করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় গেল ২৫ জানুয়ারি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ১১ ও ১২ ফেব্রুয়ারি সারা দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি দপ্তরে সাধারণ ছুটি থাকবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও এই ছুটির আওতায় থাকবেন।

এর আগে শ্রমজীবী মানুষ যাতে ভোট দিতে পারেন, সে সুবিধা নিশ্চিত করতে ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন #বিপণিবিতান #শপিংমল #দোকান ব্যবসায়ী মালিক সমিতি