শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ জানিয়েছেন, বিমানের অভ্যন্তরীণ রুটে চলাচলে যেকোনো পরিমাণ অর্থ বহন করা যায়।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিপুল পরিমাণ নগদ টাকা নিয়ে সৈয়দপুর বিমানবন্দরে আটক হন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান। বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হলে তিনি এ কথা জানান।
গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ বলেন, সৈয়দপুরে আটক জামায়াত নেতার সঙ্গে থাকা অর্থ বিষয়ে শাহজালাল বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষকে অবগত করলে তারা এতে অনাপত্তি জানিয়েছেন।
এ ঘটনার পরে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জেলা জামায়াতের আমিরের আটকের বিষয়টি ‘নাটক’। ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান ব্যবসায়ের টাকা বহন করছিলেন। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য একটি নাটক সাজিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব করছে। টাকার উৎস সম্পর্কে যথা সময়ে প্রমাণসহ বিস্তারিত জানানো হবে।
নীলফামারীর এসপি শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘ইউএস বাংলায় করে ঢাকা থেকে বেলাল উদ্দিন প্রধান ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির টাকা নিয়ে আসছেন বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরেছি। এ তথ্য জানান পর বিমানবন্দরে গোয়েন্দ সংস্থাসহ বিভিন্ন বাহিনী ব্যবস্থা নেয়। পরে তাকে আটক করা হয়।’
আই/এ