জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গতকাল রাতে কিছুটা আতঙ্কের পরিবেশ তৈরি হলেও বৃহস্পতিবার সকাল থেকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। তিনি জানান, সকালবেলায় ভোটারের উপস্থিতি তুলনামূলক কম ছিল, তবে পরিবেশ অত্যন্ত স্বাভাবিক ও শৃঙ্খলাপূর্ণ। দু-একটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিকভাবে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবেই এগিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাজধানীর গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
আসিফ মাহমুদ বলেন, গত দুটি নির্বাচনে আমি ভোটার ছিলাম কিন্তু ভোট দিতে পারিনি। এবারই প্রথম ভোট দিলাম। এটি আমার মতো চার কোটি তরুণ ভোটারের নতুন অভিজ্ঞতা। সারাদেশের মানুষ যে উল্লাসের মধ্য দিয়ে ভোট দিতে যাচ্ছেন, সেটা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
তিনি আরও বলেন, সবগুলো রাজনৈতিক দল গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা করেছে। বিএনপির চেয়ারপরসন থেকে শুরু করে সিনিয়র সব নেতৃবৃন্দ ‘হ্যাঁ’ ভোট এর কথা বললেও মাঠপর্যায়ে তারা ‘না’ ভোটের প্রচারণা করেছে। এটা তাদের রাজনৈতিক দ্বিচারিতা বলে আমি মনে করি। আর তাদের দলে যে শৃঙ্খলা নেই এটি তা প্রমাণ করে। এমন বিচ্ছিন্ন চেষ্টায় গণভোটে হ্যাঁ পরাজিত হওয়ার কোনো সম্ভাবনা নেই।
জাতীয় নাগরিক পার্টির এই মুখপাত্র বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম নিয়ে আমরা খুবই হতাশ। কিছু কেন্দ্রে আমাদের প্রার্থীর পোলিং এজেন্টদের বাড়িতে হামলা হয়েছে। কিন্তু এমন সংকটকালীন সময়ে আমরা যদি প্রশাসনের সাড়া না পাই তবে সেটা দু:খজনক।
আসিফ মাহমুদ বলেন, কোনো নাগরিক যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হয়, সকলেই যেন নিরাপদে ভোট দিয়ে বাড়ি যেতে পারে সেই নিরাপত্তা প্রশাসনকে নিশ্চিত করতে হবে।
এসি//