জাতীয়

সকাল ১০টায় নবনির্বাচিত এমপিদের শপথ, থাকবেন দেশি-বিদেশি অতিথিরা

বায়ান্ন প্রতিবেদন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান আগামী মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথগ্রহণ কক্ষ।

এই আয়োজনে দেশ-বিদেশের বিপুলসংখ্যক অতিথি উপস্থিত থাকার কথা রয়েছে। নবনির্বাচিত এমপিদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। 

চিঠিতে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্যদেরও শপথ পাঠ করাবেন।

নির্বাচন কমিশনের বেসরকারি ফলাফল অনুযায়ী, ২৯৭টি ঘোষিত আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করেছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে বিজয়ী হয়েছেন।

ভোটের হিসাবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা বিএনপি পেয়েছে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট। অন্যদিকে শাপলা কলি প্রতীকে ৩২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা এনসিপি পেয়েছে ৩ দশমিক ০৫ শতাংশ ভোট।

ইসির তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল ও ২৭৪ জন স্বতন্ত্র প্রার্থী অংশ নেন। ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রয়েছে। ফলে বাকি ২৯৭টি আসনের ফলাফল প্রকাশ করা হয়েছে।

শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এর মধ্যে রয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের প্রতিনিধি এবং সার্কভুক্ত অন্যান্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী বা প্রতিনিধিরা।

অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের অনুলিপি দিয়েছে। এতে মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), সব মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), বিজিবি, র‍্যাব ও কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মহাপরিচালকরা অন্তর্ভুক্ত রয়েছেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #শপথগ্রহণ #সংসদ ভবন