ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে অংশ নিচ্ছে না।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিরোধী দলের জন্য নির্ধারিত সংসদ কক্ষে আলোচনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন ১২টা ৪২ মিনিটে একটি ফেসবুক পোস্টে জানান, জনগণের রায় ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা সম্মান জানিয়ে এনসিপির নির্বাচিত এমপিরা ‘সংসদ সদস্য’ ও ‘সংবিধান সংস্কার পরিষদ’—উভয় পদেই শপথ গ্রহণ করবেন।

তিনি স্পষ্ট করেন, বিএনপি জনগণের রায় ও জুলাইয়ের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করায় আজ এনসিপি মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না। আব্দুল্লাহ আল আমিন আরও বলেন, জনগণ জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এনসিপিকে ভোট দিয়েছে; এজন্য তারা উভয় শপথই নিচ্ছে, আর বিএনপি শুধু সরকার গঠনের শপথ নিয়েছে এবং গণরায় উপেক্ষা করেছে।
এর আগে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার সিদ্ধান্ত জানালে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা বৈঠক করেন। এরপর তারা নিজ নিজ পদে—সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য—শপথ গ্রহণ করেন।
এসি//