জাতীয়

সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়: সড়ক মন্ত্রী

ছবি: সংগৃহীত

সড়কে বিভিন্ন পরিবহন থেকে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া হলে সেটিকে চাঁদা বলা যায় না বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয়, সেভাবে আমি চাঁদা দেখি না। মালিক সমিতি, শ্রমিক সমিতি আছে। তারা তাদের কল্যাণে এটা ব্যয় করে। এটা অলিখিত বিধির মতো।’ তিনি বলেন, কেউ দিতে না চাইলে বা বাধ্য করা হলে সেটিই চাঁদা হিসেবে বিবেচিত হবে।

তিনি আরও বলেন, মালিক সমিতি নির্দিষ্ট হারে অর্থ সংগ্রহ করে মালিকদের কল্যাণে ব্যবহার করে। কতটুকু সঠিকভাবে ব্যবহার হয়, তা নিয়ে বিতর্ক থাকতে পারে; তবে এটি সমঝোতার ভিত্তিতেই হয়ে থাকে। শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ বিভিন্ন সংগঠনও একইভাবে অর্থ তোলে বলে জানান তিনি। ক্ষমতায় যে দল থাকে, তাদের শ্রমিক সংগঠনের প্রভাব বেশি থাকে—এ কথাও স্বীকার করেন মন্ত্রী।

যোগাযোগ মন্ত্রণালয়ের আওতাধীন স্থানে বাইরে থেকে কেউ চাপ প্রয়োগ করে চাঁদা আদায় করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। তবে মালিকরা সমঝোতার ভিত্তিতে অর্থ সংগ্রহ করলে সেখানে কেউ বঞ্চিত হচ্ছে কি না বা অর্থের অপব্যবহার হচ্ছে কি না—তা খতিয়ে দেখা হবে বলে জানান।

যানজট ও ঈদযাত্রা প্রসঙ্গে মহাসড়কের ওপর বিভিন্ন স্থানে বাজার বাসায় যানজট তৈরি হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এসব কার্যক্রমকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে।

ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের চাপ প্রসঙ্গে তিনি বলেন, ছুটি কম হলে চাপ সামাল দেওয়া কঠিন হয়ে যায়। গতবার দীর্ঘ ছুটি থাকায় পরিস্থিতি তুলনামূলক ভালো ছিল। এবারও একই প্রক্রিয়া অনুসরণ করার কথা ভাবা হচ্ছে। পাশাপাশি নতুন কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়েও আলোচনা চলছে। 

ছুটির বিষয়টি গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, আরও কয়েকদিন পর এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #চাঁদাবাজি #চাঁদা #সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী #শেখ রবিউল আলম